নিজস্ব প্রতিবেদক, পাবনা
পাবনার সুজানগরে মাদকবিরোধী সচেতনতামূলক সভাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন ছাত্রদল কর্মী আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, সোমবার (২০ জুলাই) সন্ধ্যায় সুজানগর পৌরসভার মানিকদীর তিনমাথার মোড় এলাকায় মাদকবিরোধী একটি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়। সভা চলাকালে প্রতিপক্ষের একদল লোক সেখানে এসে হামলা চালায় বলে অভিযোগ করা হয়েছে। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে, এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় এস এম আফতাব আহমেদ (২৪) নামে এক ছাত্রদল কর্মী আহত হন। তাঁকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর আনিসুর রহমান সংগ্রাম নামে এক ব্যক্তি সুজানগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে ৯ জনের নাম উল্লেখ করে আরও ১০ থেকে ১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, সম্প্রতি মাদক-সংক্রান্ত একটি ঘটনার জেরে এলাকায় দুটি পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। সেই বিরোধের ধারাবাহিকতায় এ সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে অভিযুক্ত পক্ষ হামলা, গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের অভিযোগ অস্বীকার করে উল্টো তাদের বাড়িঘরে হামলা ও ভাঙচুরের অভিযোগ তুলেছে।
পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
✍️ মন্তব্য লিখুন