রাজধানীর শাহবাগে আন্দোলনরত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের সঙ্গে কথা বলেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রোববার (২৬ এপ্রিল) বিকেলে অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক পেজে জানানো হয়, নিয়োগ ও পদায়ন না পাওয়া প্রার্থীদের দাবি ও সার্বিক পরিস্থিতি তিনি মনোযোগ দিয়ে শুনেছেন। একই সঙ্গে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করার আশ্বাস দেন তিনি।
—
শাহবাগে অবস্থান কর্মসূচি
এর আগে সকাল ১১টা থেকে রাজধানীর শাহবাগ এলাকায় জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন প্রার্থীরা। চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হলেও দীর্ঘদিন ধরে নিয়োগপত্র না পাওয়ায় তারা এ কর্মসূচি পালন করেন।
—
পুলিশের পরামর্শ
অবস্থান কর্মসূচিতে উপস্থিত হয়ে রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। তিনি অতীত অভিজ্ঞতার কথা তুলে ধরে জানান, সরাসরি আন্দোলনের বদলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করলেই সমাধান সম্ভব।
তিনি আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, কয়েকজন প্রতিনিধি হয়ে মন্ত্রণালয়ে গিয়ে প্রতিমন্ত্রী ও সচিবদের সঙ্গে আলোচনা করলে দ্রুত সমাধানের পথ বের হতে পারে।
নিয়োগে বিলম্বের অভিযোগ
প্রার্থীদের ভাষ্য অনুযায়ী, গত ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জনকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হয়। ফল প্রকাশের পর তারা স্বাস্থ্য পরীক্ষার সনদ ও ডোপ টেস্টসহ প্রয়োজনীয় নথি জমা দেন।
তবে প্রায় আড়াই মাস পেরিয়ে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় তারা অনিশ্চয়তায় ভুগছেন বলে জানান।
✍️ মন্তব্য লিখুন