বোদা (পঞ্চগড়) প্রতিনিধি
দেশে চলমান জ্বালানি সংকটের মধ্যে হাজার হাজার লিটার তেল খরচ করে বিরোধী দলের লংমার্চ কর্মসূচি পালন কতটা যৌক্তিক—এ প্রশ্ন তুলেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
রোববার পঞ্চগড়ের বোদা উপজেলা পরিষদ চত্বরে একটি পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং শিশুদের সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, একদিকে বিরোধী দলগুলো দেশের বিভিন্ন সংকটের কথা বলছে, অন্যদিকে জ্বালানি সংকটের সময় বিপুল পরিমাণ তেল খরচ করে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এমন পরিস্থিতিতে লংমার্চের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন স্থানে যুদ্ধ ও নানা আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে। এ অবস্থায় জ্বালানি সাশ্রয়ের পরিবর্তে হাজার হাজার লিটার তেল খরচ করে বড় ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন দায়িত্বশীল আচরণ কি না, সেটি জনগণের বিবেচনা করা উচিত।
বক্তব্যে প্রতিমন্ত্রী জামায়াত-এনসিপি নেতৃত্বাধীন বিরোধী জোটের সমালোচনা করে বলেন, তারা তেল, বিদ্যুৎ ও সারসহ বিভিন্ন সংকটের কথা তুলে ধরে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।
এ সময় তিনি বলেন, দেশের সাধারণ মানুষের সমস্যা নিয়ে রাজনীতি করার পরিবর্তে সংকট মোকাবিলায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি পানিতে ডুবে শিশুদের মৃত্যু রোধে সাঁতার শেখানোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
তিনি যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, মৎস্য বিভাগের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
✍️ মন্তব্য লিখুন