মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়িবহরকে লক্ষ্য করে লাল কার্ড প্রদর্শন করেছেন ছাত্রদলের এক নেতা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
শনিবার সন্ধ্যায় ১১ দলীয় ঐক্যজোটের ঘোষিত ঢাকা–চট্টগ্রাম লংমার্চের গাড়িবহর মিরসরাই এলাকা অতিক্রম করার সময় এ ঘটনা ঘটে। লংমার্চ উপলক্ষে মহাসড়কের চট্টগ্রামমুখী অংশে আয়োজিত পথসভার পাশ দিয়ে জামায়াতের আমিরসহ জোটের শীর্ষ নেতাদের বহনকারী গাড়িবহর যাওয়ার সময় এক যুবককে লাল কার্ড প্রদর্শন করতে দেখা যায়।
লাল কার্ড প্রদর্শনকারী যুবকের নাম তৌহিদুল ইসলাম নিশান। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে তাঁকে মিরসরাই উপজেলা ছাত্রদলের ক্রীড়া কমিটির সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
ঘটনার ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, সড়কের পাশে অবস্থান নিয়ে নিশান গাড়িবহরের দিকে লাল কার্ড প্রদর্শন করছেন। ঘটনাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম নিশান বলেন, জনভোগান্তি ও দুর্ভোগের প্রতিবাদ হিসেবেই তিনি প্রতীকীভাবে লাল কার্ড প্রদর্শন করেছেন। তাঁর দাবি, এ সময় তিনি কাউকে গালিগালাজ করেননি কিংবা কোনো ধরনের অশালীন আচরণও করেননি।
ঘটনাটিকে কেন্দ্র করে বিএনপি ও এর অঙ্গসংগঠনের কিছু নেতা-কর্মী নিশানের পদক্ষেপের প্রশংসা করেছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অন্যদিকে জামায়াত-শিবিরের নেতা-কর্মীদের মধ্যে এ নিয়ে সমালোচনাও দেখা গেছে।
✍️ মন্তব্য লিখুন