জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের ক্ষেতলালে তিন ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজা ও দাফনে অংশ নিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম। জানাজা ও দাফন শেষে নির্ধারিত সময়ের মধ্যে পুলিশি পাহারায় তাঁকে আবার জেলা কারাগারে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষ বিদায়ে অংশ নেন রাশেদুল ইসলাম। এ সময় তিনি পুলিশি পাহারায় ছিলেন বলে কারা কর্তৃপক্ষ জানিয়েছে।
রাশেদুল ইসলাম ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নের চৌমুনী বাজার এলাকার ধনতলা গ্রামের মরহুম শামসুদ্দীনের ছেলে। তিনি জয়পুরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক। একটি নাশকতার মামলায় গ্রেপ্তার হয়ে গত ২২ আগস্ট থেকে তিনি কারাগারে রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, স্ট্রোকজনিত কারণে রাশেদুল ইসলামের মা রহিমা বিবি (৯৫) মঙ্গলবার সকালে মারা যান। তাঁর জানাজা ও দাফনে অংশ নেওয়ার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসনের কাছে প্যারোলে মুক্তির আবেদন করা হয়।
আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তির অনুমতি দেওয়া হয়। পরে পুলিশি পাহারায় তিনি বাড়িতে গিয়ে মায়ের জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেন।
প্যারোলে মুক্তির বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট জেলা কারাগারের জেল সুপার উম্মে সালমা বলেন, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁকে জানাজা ও দাফন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল। নির্ধারিত সময় শেষ হওয়ার পর তাঁকে আবার কারাগারে নেওয়া হয়েছে।
স্বজনের মৃত্যুর ঘটনায় কারাবন্দীদের বিশেষ পরিস্থিতিতে সীমিত সময়ের জন্য প্যারোলে মুক্তির বিধান রয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ও নির্ধারিত শর্ত মেনেই রাশেদুল ইসলামকে মায়ের শেষ বিদায়ে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়।
✍️ মন্তব্য লিখুন