জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। স্থানীয়দের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি) নির্মাণকাজে বাধা দিলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। পরে দুই বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মঙ্গলবার দিবাগত রাতে পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর প্রধান পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের মধ্যবর্তী এলাকায় শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয় বিএসএফ। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নির্মাণকাজ বন্ধ করতে নির্দেশ দেন।
এ সময় বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে উত্তেজনা দেখা দিলেও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরবর্তীতে দুই বাহিনীর কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আপাতত ওই এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সম্মতি হয়।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, সীমান্তের ওই এলাকায় এর আগেও একাধিকবার আন্তর্জাতিক সীমান্ত আইন উপেক্ষা করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা হয়েছে। তাদের দাবি, সীমান্তে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন।
উল্লেখ্য, জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে অতীতেও কয়েকবার উত্তেজনা সৃষ্টি হয়েছিল। প্রতিবারই বিজিবির হস্তক্ষেপ ও পতাকা বৈঠকের মাধ্যমে পরিস্থিতির সমাধান করা হয়।
সীমান্ত পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। তবে ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে এবং তারা সীমান্ত আইন যথাযথভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন।
✍️ মন্তব্য লিখুন