নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬
২০২৫ সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষাকে সামনে রেখে জরুরি নির্দেশনা জারি করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে ২০২৩–২৪ শিক্ষাবর্ষ ও তার আগের ব্যাচের অকৃতকার্য (Not Promoted) শিক্ষার্থীদের জন্য নতুন সিলেবাসে পরীক্ষা দেওয়াকে বাধ্যতামূলক করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রণীত নতুন সিলেবাস ও রেগুলেশন অনুযায়ী ইনকোর্স, অ্যাসাইনমেন্টসহ সব মূল্যায়নে অংশ নিতে হবে। পুরোনো সিলেবাসে পরীক্ষার সুযোগ আর থাকছে না।
এদিকে, শিক্ষার্থীদের সুবিধার্থে ইনকোর্স, অ্যাসাইনমেন্ট ও উপস্থিতির নম্বর অনলাইনে এন্ট্রির সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী, আগামী ৭ মে পর্যন্ত নম্বর এন্ট্রি করা যাবে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে নম্বর এন্ট্রি না হলে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নাম পরীক্ষার ফরম পূরণের Probable List-এ অন্তর্ভুক্ত করা হবে না। এতে তারা ফরম পূরণের সুযোগ হারাতে পারেন, যা তাদের একাডেমিক অগ্রগতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টিকে অত্যন্ত জরুরি হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষার্থীদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, নতুন সিলেবাস বাস্তবায়নের মাধ্যমে শিক্ষার মান ও সাম্প্রতিক একাডেমিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য বজায় রাখাই এই সিদ্ধান্তের মূল লক্ষ্য।
✍️ মন্তব্য লিখুন