নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার মদনে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে কুন্ডু মিয়া ওরফে এলাহি (৬৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় তাঁর ছেলে আলাই মিয়া ওরফে ইয়াসিনকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে মদন পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে নিজ বাড়ির রান্নাঘরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইয়াসিন গত দুই দিন ধরে ঠিকমতো খাবার খাচ্ছিলেন না। বুধবার ভোরে ফজরের নামাজ শেষে কুন্ডু মিয়া রান্নাঘরে চা তৈরি করতে যান। এ সময় ইয়াসিনও সেখানে ছিলেন। বাবা ছেলেকে সকালের নাশতা হিসেবে কলা বা অন্য কিছু খাওয়ার পরামর্শ দেন। একপর্যায়ে হঠাৎ ইয়াসিন ধারালো বটি দিয়ে বাবার ঘাড়ে কোপ দেন।
এতে গুরুতর আহত হয়ে কুন্ডু মিয়া রান্নাঘরেই লুটিয়ে পড়েন। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর ইয়াসিন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাঁকে আটক করে। নিহতের মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন করিম বলেন, অভিযুক্ত যুবকের মানসিক অসুস্থতার কথা তাঁর পরিবার জানিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নোট: প্রতিবেদনে হত্যার কারণ হিসেবে পারিবারিক কলহের কথা বলা হলেও, ঘটনার প্রকৃত কারণ ও অভিযুক্তের মানসিক অবস্থার বিষয়টি পুলিশ তদন্ত করে নিশ্চিত করবে।
✍️ মন্তব্য লিখুন