রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল প্রায় ৩৫ লাখ টাকার রাজস্ব ক্ষতির মুখে পড়েছে বলে দাবি করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। একই সঙ্গে দীর্ঘ সময় ট্রেন চলাচল বন্ধ থাকায় প্রায় ২০ হাজার যাত্রী চরম দুর্ভোগে পড়েছেন বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. জাহিদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষার্থীদের অবরোধের কারণে ট্রেন চলাচল ব্যাহত হওয়ায় উল্লেখযোগ্য রাজস্ব ক্ষতি হয়েছে এবং বিভিন্ন স্টেশনে বহু ট্রেন আটকে পড়ে। এ অনাকাঙ্ক্ষিত ভোগান্তির জন্য যাত্রীদের কাছে দুঃখও প্রকাশ করেছে রেলওয়ে।
এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের এক শিক্ষার্থীকে চলন্ত ট্রেনে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা ক্যাম্পাসসংলগ্ন চারুকলা এলাকার রেললাইন অবরোধ করেন। এতে প্রায় আট থেকে নয় ঘণ্টা রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে যায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন, রেলওয়ে কর্তৃপক্ষ, বিভাগীয় প্রশাসন ও শিক্ষার্থী প্রতিনিধিদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে শিক্ষার্থীদের চার দফা দাবি নীতিগতভাবে মেনে নেওয়া হয়। অভিযুক্ত টিটিইকে সাময়িক বরখাস্ত, ঘটনার তদন্তে পৃথক কমিটি গঠন, আহত শিক্ষার্থীর চিকিৎসা নিশ্চিতকরণ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে কয়েকটি রাতের ট্রেনের যাত্রাবিরতির সিদ্ধান্ত নেওয়ার পর শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। এরপর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
রেলওয়ে কর্তৃপক্ষ বলছে, এমন অবরোধ শুধু আর্থিক ক্ষতিই নয়, হাজারো যাত্রীর ভোগান্তি ও সার্বিক রেল পরিচালনায় বড় ধরনের বিঘ্ন সৃষ্টি করেছে। অন্যদিকে শিক্ষার্থীদের দাবি, সহপাঠীর ওপর হামলার বিচার ও যাত্রীসেবায় অনিয়মের প্রতিকার নিশ্চিত করতেই তারা আন্দোলনে নেমেছিলেন।
✍️ মন্তব্য লিখুন