বরিশাল অফিস
বরিশাল নগরীতে সাতটি শিয়াল হত্যা করে মাংস ভাগাভাগি ও রান্না করে খাওয়ার আলোচিত ঘটনায় ১০ জনের বিরুদ্ধে মামলা গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বরিশালের মহানগর বিচারিক হাকিম আদালত বন বিভাগের দায়ের করা অভিযোগ আমলে নিয়ে মামলাটি গ্রহণের নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, ভাইরাল হওয়া ভিডিও, স্থিরচিত্র এবং প্রাথমিক তদন্তে ঘটনায় একাধিক ব্যক্তির সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর বন বিভাগ আদালতের শরণাপন্ন হয়। অভিযোগে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ১০ জনকে অভিযুক্ত করা হয়েছে। আদালত মামলাটি গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন।
ঘটনাটি গত ২ জুলাই বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের ময়দানখোলা এলাকায় ঘটে। অভিযোগ রয়েছে, কয়েকজন ব্যক্তি সাতটি শিয়াল ধরে পিটিয়ে হত্যা করেন। পরে সেগুলোর মাংস রান্না ও ভাগাভাগি করার ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। প্রাণী সংরক্ষণকর্মী ও পরিবেশবাদীরা জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
বন বিভাগের কর্মকর্তারা জানান, শিয়াল বাংলাদেশের সংরক্ষিত বন্যপ্রাণীর অন্তর্ভুক্ত। অনুমতি ছাড়া এ ধরনের প্রাণী হত্যা, শিকার বা ক্ষতি করা আইনত দণ্ডনীয় অপরাধ। তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আইন বিশেষজ্ঞদের মতে, বন্যপ্রাণী সংরক্ষণ আইন যথাযথভাবে প্রয়োগ হলে এ ধরনের ঘটনা ভবিষ্যতে নিরুৎসাহিত হবে। একই সঙ্গে বন্যপ্রাণী সংরক্ষণে জনসচেতনতা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন সংশ্লিষ্টরা।
✍️ মন্তব্য লিখুন