নিজস্ব প্রতিবেদক
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি কখনো সংবিধান ‘সংস্কার’-এর কথা বলেনি; বরাবরই সংবিধান ‘সংশোধন’-এর পক্ষে অবস্থান নিয়েছে। একই সঙ্গে তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দলটি প্রতিশ্রুতিবদ্ধ এবং এ বিষয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই।
শুক্রবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক এমাজউদ্দিন আহমেদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল বলেন, “আমরা বরাবরই সংবিধান সংশোধন করতে চাই। সংবিধান সংস্কারের কথা কখনো বলিনি। জনগণের দেওয়া ম্যান্ডেটের ভিত্তিতেই প্রয়োজনীয় সংশোধনের উদ্যোগ নেওয়া হবে।” তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে এবং এ বিষয়ে দলের অবস্থান সুস্পষ্ট।
তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে বিএনপির অবস্থান নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে। তাঁর ভাষ্য, সংবিধান সংশোধন ও সংবিধান সংস্কার—দুই ধারণাকে ইচ্ছাকৃতভাবে এক করে দেখানোর চেষ্টা করা হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
বক্তব্যে তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও কার্যকর ও জবাবদিহিমূলক করার লক্ষ্য রয়েছে। একই সঙ্গে তিনি রাজনৈতিক ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের প্রত্যাশা পূরণে সব পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
✍️ মন্তব্য লিখুন