নিজস্ব প্রতিবেদক
সাম্প্রতিক বন্যা-পরবর্তী পরিস্থিতির অবনতির কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি ও সমমানের অবশিষ্ট সব পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক জরুরি বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যাকবলিত এলাকার সার্বিক পরিস্থিতি, পরীক্ষার্থীদের শারীরিক ও মানসিক অবস্থা, অংশীজনদের মতামত এবং বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থার কারণে পরীক্ষাকেন্দ্রে শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। এসব বিষয় বিবেচনায় নিয়ে অবশিষ্ট সব বিষয়ের পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তের আওতায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পাশাপাশি চট্টগ্রাম বিভাগের আওতাধীন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি (ভোকেশনাল), এইচএসসি (বিএমটি) ও ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার অবশিষ্ট বিষয়গুলোও স্থগিত থাকবে। সংশোধিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
এদিকে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, চট্টগ্রাম অঞ্চল ছাড়া দেশের অন্যান্য সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের সংশ্লিষ্ট জেলার পরীক্ষা পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে এর আগেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা কয়েক দফায় স্থগিত করা হয়েছিল। সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করে এবার অনির্দিষ্টকালের জন্য অবশিষ্ট সব পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষা বোর্ড সংশ্লিষ্টদের পরবর্তী নির্দেশনার জন্য অপেক্ষা করতে এবং নতুন সময়সূচি প্রকাশের পর সে অনুযায়ী প্রস্তুতি নিতে পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে।
✍️ মন্তব্য লিখুন