পাবনা প্রতিনিধি
পাবনার সদর উপজেলায় আর্জেন্টিনা ফুটবল দলের খেলা উপলক্ষে ‘ভুরিভোজের’ আয়োজনের কথা বলে স্থানীয় ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায়ের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযানের সময় তার কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তি রাতুল ইসলাম (২৩)। তিনি পাবনা সদর উপজেলার চর মণ্ডলপাড়া এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, বৃহস্পতিবার বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের খেলা উপলক্ষে ‘ভুরিভোজের’ আয়োজনের কথা বলে এলাকায় অর্থ সংগ্রহ করছিলেন রাতুল। অভিযোগ রয়েছে, তিনি স্বেচ্ছা অনুদানের পরিবর্তে ব্যবসায়ী ও চাকরিজীবীদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করছিলেন। এক মুদি ব্যবসায়ী চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাকে অস্ত্রের ভয় দেখানো হয় এবং তার একটি অটোরিকশা আটকে রাখা হয়। এ ঘটনার পর পুলিশ অভিযান চালায়।
অভিযানের সময় রাতুলের সহযোগীরা পালিয়ে গেলেও তাকে ঘটনাস্থলেই আটক করা হয়। পরে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পাবনার পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ বলেন, জেলায় অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতিতে অভিযান পরিচালিত হচ্ছে। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র ও চাঁদাবাজির অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি তার সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং উদ্ধার হওয়া অস্ত্রের উৎস খুঁজে বের করার চেষ্টা চলছে।
✍️ মন্তব্য লিখুন