নিজস্ব প্রতিবেদক
সরকার প্রকৃত ও সঠিক মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়ন করে জাতির সামনে প্রকাশ করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। তিনি বলেন, দীর্ঘদিন ধরে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে নানা বিতর্ক ও অসঙ্গতি থাকায় বিষয়টি নিরপেক্ষভাবে যাচাই করে একটি গ্রহণযোগ্য তালিকা প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলামের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, বিশেষজ্ঞ, গবেষক এবং সংশ্লিষ্ট অংশীজনদের সম্পৃক্ত করে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একটি সঠিক, নির্ভুল ও পূর্ণাঙ্গ মুক্তিযোদ্ধার তালিকা প্রস্তুত করা হবে এবং তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, মহান মুক্তিযুদ্ধ জাতির ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল অধ্যায়। কিন্তু স্বাধীনতার এত বছর পরও প্রকৃত মুক্তিযোদ্ধাদের একটি সর্বজনগ্রাহ্য তালিকা তৈরি করা সম্ভব হয়নি। অতীতে তালিকা প্রণয়নের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন জটিলতার কারণে বিতর্ক সৃষ্টি হয়েছে। বর্তমান সরকার সেই পরিস্থিতির অবসান ঘটাতে চায়।
তিনি আরও জানান, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় ইতোমধ্যে এ লক্ষ্যে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে গবেষকদের নিয়ে বিশেষজ্ঞ সভা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় এবং একটি বাস্তবসম্মত কর্মপরিকল্পনা প্রণয়ন। এসব কার্যক্রমের ভিত্তিতেই প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা চূড়ান্ত করা হবে।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান নিশ্চিত করা এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরা সরকারের দায়িত্ব। সে লক্ষ্যেই নিরপেক্ষ ও গ্রহণযোগ্য একটি তালিকা প্রকাশে সরকার কাজ করে যাচ্ছে।
✍️ মন্তব্য লিখুন