জেলা প্রতিনিধি, কক্সবাজার
কক্সবাজারের রামুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো একটি প্রাইভেট কার ব্যবহার করে ইয়াবা পাচারের সময় দুই নারীসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ সময় গাড়ি থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।
ডিএনসি জানায়, বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামুর রাবার বাগান এলাকায় স্থাপিত একটি অস্থায়ী তল্লাশি চৌকিতে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে পর্যটকবেশে ইয়াবা পাচারের তথ্য পেয়ে কর্মকর্তারা ঢাকা মেট্রো-ঘ সিরিজের একটি সাদা প্রাইভেট কার থামিয়ে তল্লাশি করেন।
তল্লাশির একপর্যায়ে গাড়ির ভেতরে বিশেষ কৌশলে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো তিনটি পোটলা উদ্ধার করা হয়। প্রতিটি পোটলায় ১০টি করে জিপার লক প্যাকেটে মোট ৬ হাজার ইয়াবা পাওয়া যায়। অভিযানের সময় চারটি স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রামের সাব্বির হোসেন (৩৬), নারায়ণগঞ্জের রূপগঞ্জের সিমা ইসলাম (২২) এবং ঢাকার দারুসসালাম এলাকার উর্মি আক্তার ঊষা (১৯)। ডিএনসির দাবি, তারা সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সদস্য এবং কক্সবাজার থেকে দেশের বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত।
ডিএনসির কর্মকর্তারা জানান, গাড়িটির উইন্ডশিল্ডে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও মিরপুর ডিওএইচএসের স্টিকার লাগানো ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়াতে এবং সন্দেহ কমাতেই এসব স্টিকার ব্যবহার করা হয়েছিল। গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনও জব্দ করা হয়েছে।
এ ঘটনায় ডিএনসির এক পরিদর্শক বাদী হয়ে রামু থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন। আটক তিনজনকে আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
✍️ মন্তব্য লিখুন