গাজীপুর, ২৫ এপ্রিল ২০২৬:
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার (২৫ এপ্রিল) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১১টা থেকে শুরু হয়ে এক ঘণ্টাব্যাপী এমসিকিউ পদ্ধতির এ পরীক্ষা শেষ হয় দুপুর ১২টায়।
সারাদেশের ১৩৮টি কেন্দ্রে অনুষ্ঠিত এ পরীক্ষায় প্রায় ৪ লাখ ৫৩ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য এ পরীক্ষা নেওয়া হয়। এর মধ্যে ৩৭৫টি সরকারি এবং ৫০৫টি বেসরকারি কলেজ অন্তর্ভুক্ত ছিল।
পরীক্ষা চলাকালীন গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ। তিনি কেন্দ্রের সার্বিক পরিবেশে সন্তোষ প্রকাশ করেন এবং জানান, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে ভিসি বলেন, “ভর্তি পরীক্ষার ফলাফল দ্রুত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে। ফল প্রকাশের পরপরই ভর্তি কার্যক্রম শুরু হবে।”
পরবর্তীতে তিনি বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে স্থাপিত কন্ট্রোল রুম থেকে সারাদেশের পরীক্ষা কার্যক্রম মনিটর করেন। এ সময় বিভিন্ন বিভাগের উচ্চপদস্থ শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ফল প্রকাশ করে ভর্তি প্রক্রিয়া এগিয়ে নেওয়াই তাদের মূল লক্ষ্য।
✍️ মন্তব্য লিখুন